তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। মাদুরাইয়ের এক বিশাল জনসভায় দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু মন্তব্য, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজয় বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষভাবে আক্রমণ করেছেন বিজয়। একই সঙ্গে নিজের নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন।
এ সময় বিজয় আরও ঘোষণা দেন, ২০২৬ সালের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কোনো রাজনৈতিক জোটে যাবে না। তার ভাষায়, “আমাদের আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তাই কারও সঙ্গে জোটবদ্ধ হবো না।”
রাজনীতিতে নবীন হলেও আত্মবিশ্বাসী এই অবস্থান অনেকের চোখে বিজয়কে তামিলনাড়ুর সম্ভাব্য তৃতীয় শক্তি হিসেবে তুলে ধরছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে তার এই ‘সিংহ-গর্জন’ আদতে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত বিজয় দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।


