বিনোদন ডেস্ক:
গান থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পাওয়া সাফল্য, খ্যাতির চাপ এবং সৃষ্টিশীলতার নানা চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
ভারতীয় ইউটিউব চ্যানেল ‘দ্য কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আতিফ। নিজের সাফল্যের রহস্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, এতদূর কীভাবে পৌঁছেছেন, সেটি এখনো তার কাছে পুরোপুরি পরিষ্কার নয়।
আতিফের মতে, শুধু পরিশ্রম দিয়ে তার এই পথচলাকে ব্যাখ্যা করা যায় না। সাফল্যের পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছাকেও বড় করে দেখেন তিনি। তার বিশ্বাস, মানুষকে আল্লাহ যেখানে দেখতে চান, শেষ পর্যন্ত সেখানেই পৌঁছে দেন।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আতিফ জানান, প্রতিটি সফল গানের পরও পরবর্তী কাজ নিয়ে তার মধ্যে অনিশ্চয়তা তৈরি হতো। একটি গান শ্রোতাদের পছন্দ করার পরই মনে হতো, পরের গানটি হয়তো আর আগের মতো গ্রহণযোগ্য হবে না।
তবে সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। একক অ্যালবামের পাশাপাশি বলিউডের বিভিন্ন সিনেমায় প্লেব্যাক করে বিশাল শ্রোতাগোষ্ঠী তৈরি করেন তিনি। এর সঙ্গে তাল মিলিয়ে সাফল্য ধরে রাখার মানসিক চাপও বাড়তে থাকে।
তবে এই চাপ তাকে সংগীত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেনি। অবসরের প্রসঙ্গে আতিফ স্পষ্ট করে জানান, গান ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি।
শিল্পীর সৃষ্টিশীলতায় সাময়িক ভাটা পড়াকেও স্বাভাবিক মনে করেন আতিফ। তার মতে, একজন শিল্পীর জীবনে এমন পর্যায় আসতে পারে, যখন নতুন গান লেখা বা সুর করার মতো কিছুই মনে আসে না। এটি সৃষ্টিশীলতার স্বাভাবিক একটি অংশ।
এই পরিস্থিতি স্থায়ী নয় বলেও মনে করেন তিনি। সৃষ্টিশীলতার সংকট কাটিয়ে যখন নিজের কাজেই তৃপ্তি পাওয়া যায়, তখন সেই সময়টিকে উপভোগ করা উচিত বলে মনে করেন এই শিল্পী। পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকার কথাও বলেন তিনি।
বর্তমানে পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে নিয়মিত গান পরিবেশন করছেন আতিফ আসলাম। সম্প্রতি বাংলাদেশেও একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি।


